বিদেশে প্রবাসীর মৃত্যু হলে মরদেহ ফেরানোর খরচের অর্ধেক দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুত তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

- Advertisement -

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে পাঠানোর খরচের অর্ধেক সরকার বহন করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য ব্যক্তিকে যোগ্য দেখিয়ে পাঠিয়েছে—এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুরুতর অনিয়মের ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, প্রবাসীরা যাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন মন্ত্রী। পর্যটন খাতের বিকাশের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে গতি আনার পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আইনি সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে।

প্রবাসীদের মরদেহ দেশে আনার ব্যয় ভাগাভাগি, চিকিৎসাসেবায় অগ্রাধিকার এবং আইনি সহায়তার উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার আরও কার্যকর ভূমিকা রাখতে চায় বলে অনুষ্ঠানে জানান তিনি

সর্বশেষ