‘থানা জ্বালিয়ে দেওয়ার’ হুমকি ছাত্রলীগের সাবেক নেতার, ওসির সঙ্গে ফোনালাপ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহির বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ওসির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

- Advertisement -

ভাইরাল অডিওতে নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দিয়ে মাহিকে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি, মারধর, মোবাইল ফোন রেখে দেওয়া এবং গভীর রাতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলতে শোনা যায়। এসব ঘটনার প্রমাণ ফেসবুকে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ফোনালাপে মাহি কনস্টেবল মেহেরাজসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে নেতাকর্মীদের আটক করে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। জবাবে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ করলেই হবে না, এর সত্যতা থাকতে হবে। কোনো কনস্টেবল এককভাবে এমন কর্মকাণ্ড করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। পুলিশকে আইন অনুযায়ী দায়িত্ব পালন ও নিয়মিত অভিযান চালাতে হবে বলে জানান ওসি।

একপর্যায়ে মাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে আটক করা হলে কিংবা বিএনপির কথায় কাউকে গ্রেপ্তার করা হলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়া হবে। এ সময় পুলিশ সদস্যদের পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেন তিনি।

কথোপকথনে পুলিশের বডি-অন ক্যামেরা ব্যবহার, রাজনৈতিক কর্মকাণ্ড এবং থানার পুকুর থেকে মাছ ধরার বিষয়েও আলোচনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি অবগত নন।

অডিওতে দেওয়া হুমকির বিষয়ে আরফান খান মাহির বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ