মো.মোক্তার হোসেন বাবু: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকার জেলেপাড়া সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, জেলেপাড়া সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের কার্পেটিং উঠে গিয়ে ইট-পাথর বের হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় বাসিন্দা হৃদয় কৃষ্ণ বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তার একই অবস্থা। বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে যায়। ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়।”
আরেক বাসিন্দা নাছিমা বেগম বলেন, “রাস্তায় এত গর্ত যে রিকশা পর্যন্ত ঠিকমতো চলতে পারে না। রাতে চলাচল করতে ভয় লাগে। একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটে।”
এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে দীর্ঘসময়। এতে সড়কের ক্ষয়ক্ষতি আরও বাড়ছে। পাশাপাশি জমে থাকা নোংরা পানির কারণে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও মশার উপদ্রব।
স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। জেলেপাড়া সড়কের পাশের কয়েকটি দোকানের মালিক জানান, রাস্তার খারাপ অবস্থার কারণে ক্রেতাদের যাতায়াত কমে গেছে। বর্ষাকালে কাদা-পানির কারণে ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সড়কটি সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তারা।
তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাদের ভাষ্য, নগরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন বেহাল সড়ক চট্টগ্রামের সামগ্রিক নাগরিক ব্যবস্থাপনাকেই প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায় একই অবস্থা হালিশহর এ-ব্লক বাসষ্ট্যান্ড সংলগ্ন চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ছদু চৌধুরী রোড এবং বশিরশাহ মাজার রোড,বাইন্নাপাড়া দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ছদু চৌধুরী রোড এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেকুজ্জামান বলেন জাইকার প্রকল্পের কাজ করার ফলে দীর্ঘদিন ধরে ছদু চৌধুরী রোড এবং বশিরশাহ মাজার রোড,বাইন্নাপাড়া বেহালদশায় পড়ে আছে গুরুত্বপূণ সড়কটি। খানাখন্দ, ভাঙাচোরা অংশ, জলাবদ্ধতা ও ধুলাবালির কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও যানবাহন চালকদের। ছদু চৌধুরী সড়ক সংলগ্ন দোকানদার বীরেন্দ্র চন্দ্র জগনাৎ জানান,জাইকা এবং সুয়ারেজ লাইনের প্রকল্পের কাজের কারনে দীর্ঘ ২ মাস যাবৎ বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে যাওয়ার ফলে সাধারন পথচারী,স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা এই সড়কে যাতায়াত করতে অসুবিদে হচ্ছে। মাস্টারবাড়ি স্থানীয় বসবাসকারী লোকজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে উদ্দেশ্য করে বলেন ছদু চৌধুরী সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।




