নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার বিমানবন্দরে ঢাকা-গামী একটি ফ্লাইটে ওঠার আগে জেসমিন আক্তার নামে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
রবিবার (২১ জুন) নভোএয়ারের ফ্লাইটে ওঠার আগে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা পিতা হারুন মিয়ার মেয়ে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (ভিকিউ-৯২২)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের জন্য যান। এ সময় ওই নারীর বহন করা ল্যাপটপ ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি তল্লাশি করা হয়।
তল্লাশিতে ব্যাগটির দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। পরে সেখানে থেকে মোট ৯ হাজার ৮২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জেসমিনকে আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




