নিজস্ব প্রতিবেদক :নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। একই সঙ্গে নগরের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে আশপাশের স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে নগরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এর আগে রোববার রাতেও নগরের বিভিন্ন এলাকায় একইভাবে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর বিপদ সংকেত জারি করেছে। এরই প্রেক্ষিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে সকাল থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শনিবার রাত থেকেই চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। মানুষের জানমাল রক্ষার্থে ৬ জন সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকটি টিম মাঠে কাজ করছে। মাইকিং থেকে শুরু করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে।’
কাট্টলী ভূমি অফিসের সহকারী কমিশনার হুছাইন মাহমুদ বলেন, ‘আকবরশাহের ফিরোজ শাহ কলোনির ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় এবং বেলতলীঘোনা পাহাড় থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।’
নগরের চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘টাংকির পাহাড়, আমিন জুট মিল এলাকা, পাহাড়িকা, সমবায় আবাসিক, সমসামিত গৃহ নির্মাণ, মিয়ার পাহাড়, মুরাদপুর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের পাহাড় ও আশপাশে মাইকিং করা হচ্ছে। এসব এলাকার একাধিক স্কুল ও মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।’
বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরা বলেন, ‘ঝুঁকিপূর্ণ মতিঝর্ণা সংলগ্ন পাহাড়ে মাইকিং করা হয়েছে। পাশাপাশি বাকলিয়া এলাকায় নদীর পাড়ে বসবাসকারীদেরও সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হয়েছে।’
আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান তুরান বলেন, ‘লালখান বাজার পোড়া কলোনি বস্তি এলাকা, ঢেবারপাড়, আমবাগান সংলগ্ন পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে। এছাড়া উত্তর হালিশহর সংলগ্ন সমুদ্রপাড়ের কাছে বসবাসকারী মানুষজনকেও বাসস্থান খালি করে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’




