নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পৃথক অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়। একই সময়ে ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট পাওয়া যায়।
কাস্টমসের হিসাব অনুযায়ী, উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা। এর মধ্যে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেটের মূল্য ধরা হয়েছে ৩৬ লাখ ৪ হাজার টাকা। আর ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
সোমবার সকাল ৯টা ২০ মিনিটে দুবাই থেকে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় এসব পণ্য শনাক্ত করা হয়। অভিযানে আটক তিন যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়া এলাকার মঈনুল আবদিন ও আব্দুল মান্নান এবং ফেনী সদর এলাকার নুরুল আলম রিয়াদ।
কাস্টমস সূত্র জানায়, যাত্রীদের ব্যাগেজে থাকা ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দের পাশাপাশি ব্যাগেজ বেল্ট এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা হয়েছে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা পণ্য ডিএম মূলে জব্দ দেখিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে। এ ঘটনায় আটক তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করার পর ছেড়ে দিয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি অব্যাহত থাকবে।




