spot_imgspot_img

চট্টগ্রাম নগরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

মো.রাকিব :
spot_img
মো.রাকিব : চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গলায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জাবেদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই সঙ্গে তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বিবি সানজু।

- Advertisement -

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তিনি মঙ্গলবার রাতে বাসার বাইরে থাকার পর বুধবার সকালে বাড়িতে ফেরেন। এ সময় স্ত্রী সানজুর সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জাবেদ ছুরি দিয়ে সানজুর গলায় আঘাত করেন বলে অভিযোগ।

ছুরিকাঘাতে গুরুতর আহত সানজুকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জাবেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে এসআরবির একটি দল তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে প্রায় দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অনলাইন জুয়ায় অর্থ হারানোকে কেন্দ্র করে জাবেদের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। এরই মধ্যে বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে ঠিক কী কারণে সানজুকে হত্যা করা হয়েছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ