নিজস্ব প্রতিবেদক :কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন চারটি ওয়্যারহাউজ সিলগালা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। ‘অননুমোদিত’ ওয়্যারহাউজে শুল্কমুক্ত মদ সংরক্ষণের অভিযোগে দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে এসব ওয়্যারহাউজ সিলগালা করা হয়।
এনবিআর সূত্র জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে ওয়্যারহাউজগুলোর নথিপত্র, সংরক্ষিত পণ্য ও সংশ্লিষ্ট কার্যক্রম যাচাই করা হয়। এ সময় প্রাথমিকভাবে বেশ কিছু ‘গুরুতর অসঙ্গতি’ শনাক্ত হওয়ার কথা জানিয়েছে এনবিআর।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, প্রাথমিক যাচাইয়ে অসঙ্গতি পাওয়ায় অধিকতর তদন্ত ও যাচাইয়ের স্বার্থে চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে।
তিনি জানান, ওয়্যারহাউজগুলোতে শুল্কমুক্ত পণ্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট অনুমোদন ও নথিপত্রের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনবিআর সূত্র আরও জানায়, অভিযানের মাধ্যমে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে ওয়্যারহাউজগুলোর কার্যক্রমের বৈধতা এবং শুল্কমুক্ত পণ্য সংরক্ষণের অনুমোদন ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।




