কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ওই দুই নেতা ঢাকায় আসছেন—এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর তাদের হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকার তথ্য যাচাই করে গ্রেপ্তার দেখানো হয়।
বিমানবন্দর থানার ওসি জানান, নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তারা বিমানবন্দর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।




