spot_imgspot_img

সিইউএফএলে ট্রাক সরানো নিয়ে আনসার-চালক সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিবেদক
spot_img

মো. রাকিব : চট্টগ্রামের কর্ণফুলীতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে আনসার সদস্য ও ট্রাকচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুই আনসার সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। সংঘর্ষের পর কারখানার ভেতরেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানার গেটে ট্রাক চলাচল নিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে এক চালকের প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেলেও কিছুক্ষণ পর কয়েকজন ট্রাকচালক দলবদ্ধ হয়ে গেটে আসেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে সংঘর্ষের ঘটনা ঘটে।

গেটে দায়িত্ব পালনকারী আনসার সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে এসে আনসার সদস্যদের ট্রাক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে তারা অতর্কিত হামলা চালান। এতে আলমগীর ও মানিক আহত হন।

সিইউএফএল কারখানার আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি বলেন, দ্রুতগতিতে একটি ট্রাক গেট দিয়ে কারখানার ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল। কিন্তু এর কিছুক্ষণ পর ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, আহত দুই আনসার সদস্যকে কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে জড়ানো ট্রাকগুলো সিইউএফএলের সার পরিবহনের কাজে নিয়োজিত এবং চালকদের অধিকাংশই স্থানীয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। পরে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ