মো. মোক্তার হোসেন বাবু : নগরের বহদ্দারহাটে বাজার তদারকি অভিযানে নকল ঘি উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্য তালিকা না রাখা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরও তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে পারভিন ট্রেডার্স নামের একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজ নামের এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।




