সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ রোববার (৪ অক্টোবর) এ অবস্থানের কথা জানান।
ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতার সময় তেহরানের পক্ষ থেকে সাতটি শর্ত তুলে ধরা হয়েছিল। ওই শর্তগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
ইরানি এই কর্মকর্তা জানান, প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন ধরনের বক্তব্য এলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তেহরানের কাছে কিছু প্রস্তাব পাঠিয়েছে। তবে ইরান বিষয়টি আর দীর্ঘায়িত করতে কিংবা একতরফাভাবে কোনো শর্ত মেনে নিতে রাজি নয়।
কালিবাফের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার। ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখ করা সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তেহরানের প্রস্তাব গ্রহণ করলে মাত্র সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।
রোববার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় চালুর জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্ট করেছে। এসব শর্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বে দেওয়া কিছু প্রতিশ্রুতিও সম্পৃক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথেই এগোবে। তবে যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক পদক্ষেপের দিকে যায়, সেক্ষেত্রে জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত রয়েছে।
আরাকচির ভাষায়, যুক্তরাষ্ট্র সামরিক সমাধানের পথে ফিরলে এবার ইরান আগের তুলনায় আরও বেশি প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।




