যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের বড় ধাক্কার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনা আর এগোয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, মার্কিন নির্বাচনের ফলাফল ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় প্রয়োজন। এরপর শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
আরাগচি জানান, গত কয়েক দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের কোনো সফর হয়নি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর প্রভাব ফেলেছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসানে কাতার ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কয়েক মাস ধরে নানা উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
এদিকে দুই দেশের সরাসরি সামরিক সংঘাত কমে এলেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান প্রণালিতে অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধও বহাল রয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এখন হোয়াইট হাউসের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানোর পালা। তিনি ওয়াশিংটনের প্রতি তেহরানের আগেই দেওয়া শর্তগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধের পথ বেছে নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরান সাত দিনের একটি প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে সব পক্ষের যুদ্ধ বন্ধ, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত, ইরানি তেল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়।
পরবর্তী সময়ে তেহরান জানায়, এসব শর্ত মেনে নেওয়া হলে সাত দিনের পরিবর্তে মাত্র দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। রোববারের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও আরাগচি ইরানের এসব প্রস্তাবের কথা পুনর্ব্যক্ত করেন।
সূত্র: রয়টার্স

