নিজস্ব প্রতিবেদক : সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের প্রাধান্য দেওয়া এবং অর্থের বিনিময়ে ডিও (আধা সরকারি পত্র) দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে কৃষিমন্ত্রী আমিন উর রশীদের বক্তব্য চলাকালে কয়েক দফা হট্টগোল হয়। পরে বিরোধী দলের অভিযোগের প্রমাণ চেয়ে বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বিভিন্ন এলাকায় সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রীরা ডিলারশিপ পেয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের শিরোনাম উল্লেখ করে তিনি ঠাকুরগাঁওয়ের একটি উদাহরণ তুলে ধরেন। তাঁর দাবি, জেলায় ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপিসংশ্লিষ্ট এবং তাঁদের মধ্যে ১০ জন দলীয় নেতাদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন।
এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত এক সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
হাসনাতের অভিযোগ, সারা দেশে ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের মহোৎসব হয়েছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বিএনপির আগের অবস্থানের সঙ্গে বর্তমান সরকারের কর্মকাণ্ডের তুলনা করেন। তাঁর ভাষ্য, ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধীদলীয় আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিলেন তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ এখন বিএনপি সরকার একই ধরনের ব্যবস্থা চালু করেছে, যার কোনো সুনির্দিষ্ট বিধিবিধান নেই।
কৃষিমন্ত্রীর কাছে তিনি জানতে চান, সারের ডিলার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে কি না এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা কীভাবে ডিলারশিপ পেয়েছেন। আগের আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত নীতিমালার মাধ্যমে দলটির ঘনিষ্ঠ ব্যবসায়ীরা আবারও সুবিধা পেয়েছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি বর্তমান নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে। আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।’
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব’ হওয়ার অভিযোগকে তিনি ইতিবাচক অর্থে দেখছেন। তাঁর ভাষায়, ‘আমরা তো চাই এটা উৎসব হোক, উৎসবের মতো করে মানুষ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন।’
মন্ত্রীর এ বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। পরিস্থিতির মধ্যে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সংসদ সদস্যরা নিজেদের মধ্যে কথা বললে তাঁর বক্তব্য দিতে অসুবিধা হয়। এ সময় তিনি সদস্যদের সাইড টক না করার অনুরোধ জানান। একই সঙ্গে বলেন, তাঁর উত্তরে কেউ সন্তুষ্ট না হলে তিনি আবার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।
ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন আহ্বান করা হয়েছে। উপজেলা পর্যায় থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটিতে এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে।
তবে মন্ত্রীর এ ব্যাখ্যাতেও সন্তুষ্ট হননি বিরোধী দলের সদস্যরা। তাঁরা আবারও দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল একাধিকবার সদস্যদের আসনে বসার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নের উত্তর শোনার পর সন্তুষ্ট না হলে আরও প্রশ্ন করার সুযোগ রয়েছে। কিন্তু হইচই না করে ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।
বিরোধীদের প্রতিবাদের মধ্যেই কৃষিমন্ত্রী তাঁর বক্তব্য চালিয়ে যান। তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর মন্ত্রণালয় ডিলার নিয়োগের ঘোষণা দিয়েছে। পুরো প্রক্রিয়া কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে সম্পন্ন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
এ পর্যায়ে বিরোধী দলের সদস্যদের হট্টগোল অব্যাহত থাকলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা ডিও দিয়েছেন—বিরোধী দলের এমন অভিযোগ সঠিক নয়। এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন অথবা লিখিতভাবে অভিযোগ দিতে পারেন।
প্রমাণ ছাড়া অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও দাবি জানান তিনি।
এরপরও বিরোধী দলের কয়েকজন সদস্য ফ্লোর চেয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তবে স্পিকার কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এ সময় বিরোধী দলের সদস্যদের মধ্যে আবারও হইচই দেখা দেয়।

