বিমান হামলার পরও মাসে ৫০ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, মজুত ১ হাজার ৭০০

আন্তর্জাতিক ডেস্ক :
spot_img

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যায়নি। পশ্চিমা গোয়েন্দাদের এক মূল্যায়ন অনুযায়ী, দেশটি এখনো মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে। যুদ্ধের আগে যে উৎপাদন সক্ষমতা ছিল, বর্তমানে তা কমে প্রায় অর্ধেকে নেমেছে। একই সঙ্গে ইরানের অস্ত্রভান্ডারে অন্তত ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের মঙ্গলবারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বলছে, দীর্ঘ সময় ধরে মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সচল রয়েছে। ফলে নতুন করে সংঘাত শুরু হলে প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালানোর মতো সামরিক সক্ষমতা এখনো দেশটির হাতে রয়েছে।

এ মূল্যায়ন যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের বক্তব্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার দাবি করেন, ইরানের ৮০ শতাংশ শিল্পভিত্তি ধ্বংস হয়ে গেছে। তবে পশ্চিমা এক কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, সামরিক গোয়েন্দা প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত থাকার তথ্য পাওয়া গেছে।

এর মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিতে নতুন তৎপরতা দেখিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার তারা একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’র ভিডিও প্রকাশ করেছে। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের মাধ্যমে প্রচারিত ভিডিওতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার চিত্র তুলে ধরা হয়।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আলী আবদুল্লাহি ওই স্থাপনায় উপস্থিত সদস্যদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে একের পর এক চমক দেখানো হবে। এর আগে ক্ল্যাশ রিপোর্টও আইআরজিসির ভূগর্ভস্থ এই সামরিক স্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

লন্ডনের কিংস কলেজের ভিজিটিং গবেষক ও সাবেক সিআইএ বিশ্লেষক জিম ল্যামসনের ধারণা, ইরানের হাতে এখনো বিপুলসংখ্যক শাহেদ ধরনের আক্রমণাত্মক ড্রোন রয়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন। কারণ, যুদ্ধের আগে ইরান কখনো তার অস্ত্রভান্ডারের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত অস্ত্র ও স্থাপনাগুলোর কতটা মেরামত করা সম্ভব হয়েছে, সে তথ্যও পরিষ্কার নয়।

যুদ্ধের আগে মজুত ছিল আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে প্রায় ২ হাজার ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করেছিল ইসরায়েল। পরবর্তী সময়ে এপ্রিল মাসে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামস মার্কিন কংগ্রেসকে জানিয়েছিলেন, ইরানের হাতে তখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে।

ব্লুমবার্গ ইকোনমিকসের হিসাব বলছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান ৪ হাজার ৯০০টির বেশি প্রপেলারচালিত শাহেদ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্তত ২ হাজার ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব উৎক্ষেপণের হিসাবের সঙ্গে যুদ্ধের আগে ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যাকে এক করে দেখার সুযোগ নেই। একইভাবে উৎক্ষেপণের সংখ্যা দিয়ে বর্তমানে দেশটির অস্ত্রভান্ডারে অন্তত ১ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র থাকার হিসাবও সরাসরি ব্যাখ্যা করা যায় না।

যন্ত্রাংশের মজুতেই সচল উৎপাদন

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন টিকে থাকার পেছনে যন্ত্রাংশের আগাম মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন জিম ল্যামসন। তাঁর মতে, বড় উৎপাদনকেন্দ্রগুলো বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হলেও সংরক্ষিত যন্ত্রাংশ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র সংযোজন চালিয়ে যেতে পেরেছে তেহরান।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, অতীতের হামলার পর ইরান পারমাণবিক স্থাপনার তুলনায় ক্ষেপণাস্ত্র মেরামত ও পুনরুদ্ধারকে বেশি গুরুত্ব দিয়েছিল। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নেও সেই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে।

পশ্চিমা কর্মকর্তাদের দাবি, রাশিয়াও ইরানকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে। তবে কী ধরনের অস্ত্র এবং কী পরিমাণে দেওয়া হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক অঙ্কিত পান্ডা বলেন, ইরানের অস্ত্রভান্ডার নিয়ে প্রকাশ্যে আসা বিভিন্ন হিসাবের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। তবে দেশটি উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পুনরায় প্রস্তুত করতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষেপণাস্ত্র প্রতিরোধে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর

সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্র ইরানের চেয়ে অনেক এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদি সংঘাতে তেহরানের কৌশল ভিন্ন। ব্লুমবার্গ ইকোনমিকসের প্রতিরক্ষা বিভাগের প্রধান বেকা ওয়াসারের মতে, দুই দেশের ক্ষেপণাস্ত্রের মজুতের মধ্যে সরাসরি কোনো প্রতিযোগিতা নেই। ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সমান সামরিক শক্তি অর্জন নয়; বরং প্রতিপক্ষের সামরিক কার্যক্রম ব্যাহত করা, অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করা এবং দীর্ঘ সময় ধরে সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখা।

বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বিপুলসংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে। এতে অন্য সামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের মজুতেও চাপ তৈরি হয়েছে।

সব মিলিয়ে পশ্চিমা গোয়েন্দাদের সাম্প্রতিক মূল্যায়ন বলছে, কয়েক মাসের অব্যাহত বিমান হামলা ইরানের সামরিক অবকাঠামো ও উৎপাদন সক্ষমতায় বড় আঘাত হানলেও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি থামাতে পারেনি। বরং সীমিত উৎপাদন, সংরক্ষিত যন্ত্রাংশ এবং ভূগর্ভস্থ স্থাপনার ওপর নির্ভর করে সামরিক সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ ধরে রেখেছে তেহরান। ফলে নতুন করে সংঘাত শুরু হলে ইরানকে সামরিকভাবে মোকাবিলা করা এখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে।

সর্বশেষ