আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক হামলার পর ইরানের অভ্যন্তরে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার ঘটনায় তেহরানের নিরাপত্তা ও পারমাণবিক নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কট্টরপন্থীদের একটি অংশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে গিয়ে বোমা তৈরির পক্ষে অবস্থান নিচ্ছে। তবে এখনই চুক্তি থেকে সরে আসার ঘোষণা না দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান এবং পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক সমঝোতার সম্ভাবনাও ধরে রাখতে চাইছে ইরান।
এ অবস্থায় সবচেয়ে বড় বিরোধ তৈরি হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। তেহরান বলছে, আন্তর্জাতিক চুক্তির অধীনে তাদের অঙ্গীকার বহাল রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তার স্বার্থে পারমাণবিক স্থাপনাগুলোতে স্বাভাবিক পরিদর্শন কার্যক্রম চালানো সম্ভব নয়।
গত সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আইএইএ-এর সঙ্গে সহযোগিতা সীমিত হলেও এনপিটি চুক্তির অধীনে ইরানের প্রতিশ্রুতি এখনো বহাল রয়েছে। তবে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে সংস্থাটির সঙ্গে স্বাভাবিক সহযোগিতার পরিবেশ নষ্ট হয়েছে।
ইসরায়েলকে ইঙ্গিত করে বাঘাই বলেন, অন্য পক্ষের শর্ত এবং পারমাণবিক স্থাপনায় হামলার কারণে ইরানের পক্ষে নিরাপত্তা-সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আইএইএ-এর সঙ্গে আগের মতো সহযোগিতা করা সম্ভব নয়। এ সময় সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসির সমালোচনাও করেন তিনি।
তবে বাঘাই জানান, কয়েক দিন আগে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আইএইএ-এর নতুন পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক স্থাপনা, যেখানে সংস্থাটির পরিদর্শনের সুযোগ রয়েছে।
যুদ্ধের সময় বুশেহর বিদ্যুৎকেন্দ্রে সরাসরি বোমা হামলা না হলেও আশপাশের এলাকায় মার্কিন যুদ্ধবিমানের হামলায় ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তাঝুঁকির কারণে কেন্দ্রটিতে কর্মরত রাশিয়ার কর্মীদের একটি অংশকে সরিয়ে নেওয়া হয়েছিল। তাঁদের সবাই এখনো ফিরে আসেননি।
অন্যদিকে অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি অভিযোগ করেন, প্রয়োজনীয় তথ্য ও প্রবেশাধিকার না পাওয়ায় ইরানের পারমাণবিক উপাদানের প্রকৃত অবস্থা যাচাই করা যাচ্ছে না।
এনপিটি ছাড়ার চিন্তা, তবে এখনই সিদ্ধান্ত নয়
ইরানের পারমাণবিক নীতি নিয়ে অভ্যন্তরীণ চাপের বিষয়টি তুলে ধরেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলী ভায়েজ। আল জাজিরাকে তিনি বলেন, তেহরান এখনো এনপিটির সদস্য থাকলেও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও বিবেচনায় রাখছে।
তাঁর মতে, বুশেহর বিদ্যুৎকেন্দ্রে আইএইএ-এর পরিদর্শনের অনুমতি দেওয়া মূলত কূটনৈতিক যোগাযোগ সচল রাখার একটি সীমিত পদক্ষেপ। এর মাধ্যমে একদিকে অভ্যন্তরীণ কট্টরপন্থীদের চাপ সামাল দিতে চাইছে ইরান, অন্যদিকে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখছে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক ও ইরানের সাবেক পারমাণবিক আলোচক সাইয়েদ হোসেইন মুসাভিয়ানের মতে, এনপিটি চুক্তির অঙ্গীকার রক্ষা করা এবং হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেওয়া দুটি আলাদা বিষয় হিসেবে দেখছে তেহরান।
তিনি বলেন, সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে আইএইএ-এর নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠিত প্রটোকল নেই। পাশাপাশি ইরানের আশঙ্কা, স্পর্শকাতর স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হলে সেখান থেকে পাওয়া তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে পৌঁছাতে পারে। ভবিষ্যতে এসব তথ্য নতুন সামরিক হামলার কাজে ব্যবহৃত হওয়ার ঝুঁকিও দেখছে তেহরান।
মুসাভিয়ানের ভাষ্য, ইরান পরিদর্শনে বিধিনিষেধ আরোপকে এনপিটির বাধ্যবাধকতা প্রত্যাখ্যান হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তার উদ্বেগ হিসেবে বিবেচনা করছে।
পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে বাড়ছে রাজনৈতিক চাপ
এনপিটি চুক্তির আওতায় ইরান শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার পায়। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি, অর্জন কিংবা অন্য কোনো উপায়ে সংগ্রহ না করার অঙ্গীকার করতে হয়। চুক্তির শর্ত অনুযায়ী দেশটিকে আইএইএ-এর পরিদর্শন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের সুযোগও দিতে হয়।
তবে কোনো দেশ অসাধারণ পরিস্থিতিতে তার সর্বোচ্চ জাতীয় স্বার্থ বিপন্ন হয়েছে বলে মনে করলে নির্ধারিত প্রক্রিয়ায় নোটিশ দিয়ে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে। চুক্তিটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতা তৈরি করলেও সদস্য দেশগুলোকে প্রচলিত সামরিক হামলা থেকে সুরক্ষা দেয় না। ইরানের কট্টরপন্থীরা এই বিষয়টিকেই চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে যুক্তি হিসেবে ব্যবহার করছেন।
দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই একাধিকবার প্রকাশ্যে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি চলতি সপ্তাহের শুরুতে বলেন, ইরান পারমাণবিক নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিলে তাঁর সংগঠন প্রয়োজনীয় প্রস্তুতি নেবে।
এ ধরনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সামরিক হামলার পর ইরানের নিরাপত্তা কৌশল নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সমঝোতার চেষ্টা
পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করতে চাইছে না ইরান। নতুন করে সর্বাত্মক যুদ্ধ এড়াতে কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে যোগাযোগ ও বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।
তেহরান জানিয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর অনুমতি দেবে না। তবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে দেশের ভেতরেই ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করতে রাজি রয়েছে। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ না করে এর মাত্রা সীমিত করার প্রস্তাবেও আলোচনার আগ্রহ দেখিয়েছে দেশটি।
২০১৫ সালের পারমাণবিক চুক্তিতেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিভিন্ন সীমাবদ্ধতা মেনে নিয়েছিল। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকে।
বিশ্লেষকদের মতে, এবারও সমঝোতায় পৌঁছাতে হলে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, হরমুজ প্রণালিসহ বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত কোনো সমাধানের সম্ভাবনা খুব বেশি নয়।
কায়রো চুক্তির পথেও জটিলতা
আলী ভায়েজের মতে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুনির্দিষ্ট ছাড় পেলে ইরান আলোচনায় আরও নমনীয় হতে পারে। তবে শুরুতেই নিজেদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও ইউরেনিয়ামের মজুত নিয়ে দর-কষাকষির সক্ষমতা ছেড়ে দিতে চাইবে না তেহরান।
তাঁর ধারণা, প্রাথমিক সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে সীমিত পরিসরে আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভব। এ ক্ষেত্রে ২০২৫ সালে ইরান ও আইএইএ-এর মধ্যে স্বাক্ষরিত কায়রো চুক্তিকে ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
২০২৫ সালের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এর কয়েক মাস পর কায়রো চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইরানের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহালের পরিকল্পনা ছিল। তবে প্রতিটি স্থাপনা পরিদর্শনের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পৃথক অনুমতি নেওয়ার শর্ত রাখা হয়েছিল।
শেষ পর্যন্ত চুক্তিটি কার্যকর হয়নি। পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। এর ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে হামলা চালায়।
আলী ভায়েজ মনে করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কার্যকর স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা, পারমাণবিক উপাদানের মজুত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার—এই তিনটি বিষয়ে বৃহত্তর সমঝোতা প্রয়োজন।
তবে সাবেক ইরানি পারমাণবিক আলোচক মুসাভিয়ান মনে করেন, কেবল কায়রো চুক্তির মতো সীমিত উদ্যোগ দিয়ে সমস্যার সমাধান হবে না। তাঁর মতে, পারমাণবিক স্থাপনায় পরিদর্শন নিশ্চিত করতে হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং পারমাণবিক বিরোধের পূর্ণাঙ্গ সমাধান প্রয়োজন। তা না হলে হামলার শিকার স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি পাওয়া কঠিন হবে।
সব মিলিয়ে ইরান এখন দুটি বিপরীতমুখী চাপের মধ্যে রয়েছে। একদিকে সামরিক হামলার পর অভ্যন্তরীণভাবে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও নতুন সংঘাতের ঝুঁকি এড়াতে কূটনৈতিক সমঝোতার পথও খোলা রাখতে হচ্ছে। ফলে তেহরান শেষ পর্যন্ত এনপিটির কাঠামোর মধ্যে থেকে পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, নাকি নীতিগত বড় পরিবর্তনের দিকে যাবে—তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর।

