নিজস্ব প্রতিবেদক : ভোলায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শেষ হয়েছে। সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বাপেক্সের তত্ত্বাবধানে খনন করা ভোলা নর্থ-৩ কূপে তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
কূপটির গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা নির্ধারণে রোববার সকালে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। পরীক্ষায় গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপ যাচাই করা হবে। এর ফলাফলের ভিত্তিতে কূপটির প্রকৃত উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, পাঁচটি কূপ খনন প্রকল্পের আওতায় গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। ২২ অক্টোবর ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন করা হয়। বাপেক্সের তত্ত্বাবধানে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক কূপটি খনন করেছে। শনিবার কূপটির পারফোরেশন কাজ শেষ হয়। ডিএসটি শুরুর আগে পরীক্ষার স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষাও সন্তোষজনক পাওয়া যায়।
বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, ভোলা অঞ্চলে এবারই প্রথম চীনা প্রতিষ্ঠান সিনোপ্যাক কূপ খননের দায়িত্ব পালন করেছে। এর আগে রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম ভোলায় সাতটি কূপ খনন করে। ভোলা নর্থ-৩ কূপে খননকাজের সময় তিনটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
তিনি বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। তবে ডিএসটি শেষ হওয়ার পর গ্যাসের প্রবাহ ও চাপের তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত উৎপাদন সক্ষমতা জানা যাবে।
বাপেক্সের এই কর্মকর্তা আরও জানান, বর্তমানে ভোলার নয়টি কূপের সম্মিলিত উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট। চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পে প্রত্যাশা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। সে ক্ষেত্রে ভোলার মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে দৈনিক ২৮২ মিলিয়ন ঘনফুটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। এরপর থেকে জেলায় পর্যায়ক্রমে নয়টি গ্যাসকূপ খনন করা হয়েছে। ভোলা নর্থ-৩-এর খননকাজ শেষ হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। এ ছাড়া নতুন করে আরও চারটি কূপ খননের জন্য চীনা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কূপগুলোর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ভোলার নয়টি কূপে প্রায় দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
নতুন গ্যাসের সন্ধানে জেলাজুড়ে আশাবাদ তৈরি হলেও স্থানীয়দের অভিযোগ, বিপুল গ্যাসসম্পদ থাকার পরও এর সুফল পাচ্ছেন না ভোলার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জেলায় আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি জানিয়ে আসছেন তারা। পাশাপাশি স্থানীয় গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা গড়ে তোলারও দাবি রয়েছে।
ভোলার ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুল বলেন, ভোলায় গ্যাসের মজুত প্রায় তিন ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি। দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সুযোগ থাকলেও বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। এ গ্যাস যথাযথভাবে কাজে লাগানো গেলে ভোলায় শিল্পনগরী গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
আবাসিক গ্যাস সংযোগ ও স্থানীয় গ্যাস ব্যবহার করে শিল্পায়নসহ ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে কয়েক লাখ মানুষের স্বাক্ষরসংবলিত আবেদন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। এর অংশ হিসেবে রোববার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
এদিকে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিও রয়েছে তার।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস বলেন, নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া জেলার জন্য ইতিবাচক খবর। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হলে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

