৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

- Advertisement -

শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়। এদিকে ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাওজোর, চান্দনা চৌরাস্তা, ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মহাসড়ক দুটিতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এ দাবিতে আগে থেকেই আন্দোলন চলছিল। এর মধ্যে সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। এরই জেরে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভে নামেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, নাওজোর এলাকায় শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় আরেকটি শ্রমিক দল মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হন। পরে আন্দোলন আশপাশের শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবির সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন।

এদিকে ভোগড়া বাইপাস এলাকায় আন্দোলনের খবর সংগ্রহ করছিলেন দৈনিক কালবেলার রিপোর্টার মামুন হোসাইন। এ সময় পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

শ্রমিক অসন্তোষের কারণে কোনাবাড়ি, মৌচাক ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ৩০টি পোশাক কারখানা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানা থেকে শ্রমিকেরা বেরিয়ে আসার পর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্যদের পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে গাজীপুরে ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ