উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে করতোয়া ভবনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় মোট পাঁচটি হত্যা মামলা রয়েছে। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ মামলা দুটি রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুলের দায়ের করা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) ঘটনায় তার বড় ভাই সাঈদ আলম একটি হত্যা মামলা করেন। একই উপজেলার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি মামলা দায়ের করেন। এ দুটি মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

পাঁচটি হত্যা মামলার আসামি সাবেক এই শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ