পদ্মা সেতু এলাকায় অস্ত্র হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে এ মিছিল ও শক্তি প্রদর্শন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পদ্মা সেতু সংলগ্ন এলাকায় এ মিছিল বের করা হয়। স্থানীয় মনোয়ার বেপারী ও দুলাল বেপারীর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। এরই মধ্যে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা রয়েছে। তারা মহাসড়ক দিয়ে মিছিল করার সময় ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, লিটন ভাইয়ের জন্য শিবচর ধন্য’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় মিছিলকারীরা সড়কে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এতে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল ব্যাহত হয় বলে জানা গেছে।

পরে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ