মোঃ রাকিব:চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে একটি বাস ঢুকে পড়ার ঘটনায় দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালককে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে আল্লাহর দান পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ছ ১১-২১৪৮) মিছিলের ভেতরে ঢুকে পড়ে। এতে পাঁচজন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতা-কর্মীদের ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালক খোরশেদ আলমকে (২৪) আটক করা হয়েছে। এটি দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

