কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় শহরের পাকদী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এতে ফিলিং স্টেশনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাকদী এলাকায় সার্বিক ফিলিং স্টেশনে অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। হামলায় ফিলিং স্টেশনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, কী কারণে হামলা চালানো হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ বা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ