রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। একই রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকেও আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল কবিরকে গ্রেপ্তার করা হয়। ৫৫ বছর বয়সী ফয়সাল কবির গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লিয়াকত হোসেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচিত।
পুলিশ জানিয়েছে, ফয়সাল কবিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, বুধবার রাজধানীর একটি এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করা হয়েছে। গোয়েন্দা সংস্থার একটি সূত্র তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই খতিব।
তবে মুফতি মো. রুহুল আমিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

