পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার এতিমখানা রোডে কাজী আলমগীরের বাসভবনে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা বাড়িটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বাড়িটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরপর থেকে কাজী আলমগীরের পরিবারের কোনো সদস্য সেখানে বসবাস করছেন না। ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়িটি তালাবদ্ধ ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
অন্যদিকে, একই রাতে জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনেও হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির বিভিন্ন আসবাব ও মালামাল ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় জানালার অংশও। পাশাপাশি বাড়ির বিদ্যুতের মিটার ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
দুটি ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

