বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবনের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। একপর্যায়ে বাসভবনের নিচতলায় অবস্থিত গার্ডরুম এবং সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা কী উদ্দেশ্যে এ হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

