শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিবের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মারধর ও মসজিদের মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামানোর অভিযোগে করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে তার রিমান্ডের আদেশ দেন।

- Advertisement -

সিআইডির তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

এদিন ৬০ বছর বয়সী মুফতি রুহুল আমিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় জুমার নামাজের সময় দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী বয়ান ও খুতবা পাঠ করছিলেন। এ সময় রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। পরে তারা ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার কাছ থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ রয়েছে।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, জাতীয় মসজিদের ভেতরে সংঘটিত ওই ঘটনায় ইমামকে মারধরের পাশাপাশি লোহার রড দিয়ে আঘাত করা হয়েছিল। বাধা দিতে গেলে মামলার বাদীকেও হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রপক্ষের দাবি, ঘটনার পর থেকে রুহুল আমিন আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে এ ঘটনায় আর কারা জড়িত, কারা তাকে সহযোগিতা করেছেন এবং ঘটনার পেছনে কোনো পরিকল্পনা বা প্ররোচনা ছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তবে আসামিপক্ষের আইনজীবী নাসরুল হুদা এসব অভিযোগের বিরোধিতা করেন। তিনি আদালতে দাবি করেন, ঘটনার দিন রুহুল আমিন হামলায় অংশ নেননি; বরং হামলাকারীদের থামানোর চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে রিমান্ডে নেওয়ার মতো যথেষ্ট কারণ নেই উল্লেখ করে জামিন আবেদন করেন তিনি। আসামিপক্ষের আরেক আইনজীবীও তার জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির আবেদনে বলা হয়েছে, মসজিদে সংঘর্ষের পেছনে কারও প্ররোচনা ছিল কি না, কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না এবং হামলায় জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি ঘটনার পরিকল্পনা, উদ্দেশ্য ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে চায় তদন্ত সংস্থা।

পল্টন থানায় দায়ের করা এ মামলায় রুহুল আমিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর হাফেজ মওলানা মোহাম্মদ জিয়াউর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে রুহুল আমিনকে আটক করা হয়। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রায় দেড় মাস পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর দুই দিন পর তাকে খতিবের দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

কওমি মাদ্রাসা অঙ্গনে আওয়ামী লীগপন্থি আলেম হিসেবে পরিচিত রুহুল আমিন ২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় প্রচার চালিয়েছিলেন তিনি।

সর্বশেষ