রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ অপরাধের তথ্য আইসিজের রায়ে

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সামরিক অভিযানে হাজার হাজার মানুষকে হত্যা এবং নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতার তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শুনানিতে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বহুল আলোচিত গণহত্যা মামলার রায় পাঠের শুরুতে এসব তথ্য তুলে ধরেন আদালতের বিচারকরা।

- Advertisement -

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়। ১৫ বিচারপতির এ আদালতে রায় পাঠ করছেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। আলজাজিরা ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা এ মামলায় অভিযোগ করা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

রায় পাঠের সময় বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এ সময় নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। শিশুদের ওপরও ভয়াবহ নির্যাতন করা হয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদেরও হামলার শিকার হতে হয়েছে।

বিচারক আরও বলেন, রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার উদ্দেশ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এসব কর্মকাণ্ড পরিচালনা করেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযানের সময় তৈরি হওয়া পরিস্থিতি রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা চালানোর অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল।

গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে সামরিক অভিযানের মাধ্যমে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার থেকে বিতাড়িত করা হয়। ওই অভিযানে হত্যা, গণধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগসহ ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে। বেঁচে যাওয়া রোহিঙ্গারাও এসব নির্যাতনের বিবরণ দিয়েছেন।

জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশনও ওই সামরিক অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার কথা উল্লেখ করেছিল।

মামলার পটভূমি

২০১৭ সালের ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। এর পরপরই মিয়ানমারের সেনাবাহিনী অভিযান শুরু করে। প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

ওই বছরের ১১ সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিয়ানমারের সামরিক অভিযানকে জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ হিসেবে অভিহিত করেন। পরে আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) এক জরিপে বলা হয়, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০ শিশু ছিল।

২০১৮ সালের জানুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে। ওই ঘটনায় সাত সেনাসদস্যকে সাজা দেওয়া হলেও পরবর্তী সময়ে তাঁদের আগাম মুক্তি দেওয়া হয়।

আইসিজেতে মামলার অগ্রগতি

২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে। পরের বছরের জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

২০২৩ ও ২০২৪ সালে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন করে। ২০২৬ সালের জানুয়ারিতে মামলাটির প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। পরে ৩ নভেম্বর আইসিজে ঘোষণা করে, ১৯ নভেম্বর এ মামলার রায় দেওয়া হবে।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাশা

বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরে নিজ দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা এসব মানুষের কাছে আইসিজের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আশা করছেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার পথও তৈরি হবে।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও এ মামলার রায় নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ