দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচনের ধাপভিত্তিক এ তালিকা প্রকাশ করে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে।
কমিশনের আগের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে। প্রথম ধাপের নির্বাচনে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে ভোটের তপশিল ঘোষণা করবেন।
এদিকে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের সংখ্যা তুলনামূলক কম রাখার বিষয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।’
কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

