নিজস্ব প্রতিবেদক : ১৭ বছরের নির্বাসন, দলীয় নেতৃত্ব থেকে রাষ্ট্রক্ষমতা—দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে জন্মদিন কাটছে প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জন্মদিন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ থাকলেও এবারও কোনো আনুষ্ঠানিক আয়োজন রাখেনি বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হবে না। গত কয়েক বছর ধরেই তারেক রহমানের জন্মদিনে এ ধরনের আনুষ্ঠানিকতা থেকে বিরত রয়েছে দলটি।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো কর্মসূচি নেই। কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা আলোচনা সভার মতো আয়োজনও করা হবে না।
শিক্ষাজীবন ও রাজনীতিতে প্রবেশ
ঢাকায় জন্ম নেওয়া তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে। পরে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি।
১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হলেও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন। রাজনৈতিক ও সামাজিক চিন্তাবিদদের দর্শন ও রাষ্ট্রচিন্তার প্রতিও তাঁর আগ্রহ ছিল।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন। এর আগেই ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনি প্রচারে অংশ নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছিলেন তিনি।
২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সমস্যা, সুশাসন ও জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন তারেক রহমান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তৃণমূলের রাজনৈতিক বাস্তবতা বোঝার চেষ্টা করেন। ওই নির্বাচনে খালেদা জিয়ার প্রচার কার্যক্রমের পাশাপাশি দেশব্যাপী পৃথক প্রচার কার্যক্রমেও অংশ নেন তিনি।
তৃণমূল সংগঠনে গুরুত্ব, কেন্দ্রীয় নেতৃত্বে উত্থান
২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। দায়িত্ব পাওয়ার পর দল পুনর্গঠন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেন। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করে। এসব সম্মেলনে উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।
২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। এর মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বে তাঁর অবস্থান আরও সুসংহত হয়।
গ্রেপ্তার, নির্যাতনের অভিযোগ ও ১৭ বছরের প্রবাসজীবন
২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ২০০৮ সালের ৯ জানুয়ারি আদালতে নিজেই রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিতের আবেদন করেছিলেন তিনি। তাঁর আইনজীবীরাও মেরুদণ্ডে গুরুতর আঘাতের বিষয়টি আদালতে তুলে ধরেন।
পরে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান তারেক রহমান। সেই যাত্রার মধ্য দিয়ে শুরু হয় তাঁর দীর্ঘ প্রবাসজীবন। প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। লন্ডনে অবস্থান করেই দল পরিচালনা, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। এ সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনা তাঁর নেতৃত্বের বড় পরীক্ষা হয়ে ওঠে।
প্রবাসজীবনে ব্যক্তিগতভাবেও নানা সংকটের মুখোমুখি হতে হয় তাঁকে। ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, মায়ের কারাবাস এবং পরিবারের নানা রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিকূলতা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।
এক দফা আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা
বিএনপির রাজনৈতিক আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বের উল্লেখযোগ্য দিক ছিল সরকার পরিবর্তনের দাবির পাশাপাশি রাষ্ট্র পরিচালনার বিকল্প কাঠামো উপস্থাপনের উদ্যোগ। ২০২৩ সালের ১২ জুলাই এক দফা আন্দোলনের ঘোষণা আসে। পরদিন ১৩ জুলাই অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা তুলে ধরেন তিনি।
এই রূপরেখায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো সংস্কারের প্রস্তাব দেওয়া হয়। বিএনপির আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে পরবর্তী সময়ে ৩১ দফা গুরুত্বপূর্ণ স্থান পায়।
দেশে ফেরা থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব
দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এর আগে ২০২৫ সালের ১৩ জুন যুক্তরাজ্য সফররত সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। বিএনপির পক্ষ থেকে ওই বৈঠককে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। এরপর ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হয়। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দীর্ঘদিন দলীয় নেতৃত্ব, রাজনৈতিক আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে কাজ করার পর এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধে। ফলে দলীয় নেতৃত্বের পাশাপাশি সরকারপ্রধান হিসেবে তাঁর সিদ্ধান্ত, নীতি ও কর্মকাণ্ডও এখন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।
৬২তম জন্মদিনে তারেক রহমানের রাজনৈতিক জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায়, ছাত্রজীবন থেকে রাজনীতিতে প্রবেশ, তৃণমূল সংগঠনে কাজ, কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ, কারাবাস, দীর্ঘ প্রবাস এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব—বিভিন্ন বাঁক পেরিয়ে তাঁর রাজনৈতিক পথচলা। জন্মদিনে বিএনপির কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও দেশের রাজনীতিতে তাঁর বর্তমান অবস্থান ও দায়িত্বের কারণে দিনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

