ষড়যন্ত্র ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রসার ও তরুণদের ক্রীড়ামুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

মো. আলী হোসেন ফকির বলেন, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে আইজিপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়াক্ষেত্রে ভালো ফল অর্জনের জন্য পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে।

এবারের বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে শিরোপা জিতেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইনালে ঢাকা রেঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি। অন্যদিকে নারী বিভাগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) হারিয়ে শিরোপা ঘরে তোলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইজিপি। পাশাপাশি বিচ ভলিবলের জার্সিও উন্মোচন করেন তিনি। পরে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল। এ সময় পুলিশের অতিরিক্ত আইজিবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর শুরু হওয়া এবারের বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ১৩টি এবং নারী বিভাগে ৬টি দল অংশ নেয়।

সর্বশেষ