আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যে প্রস্তুত এনসিপি, সরকারের কাছে স্পষ্ট রূপরেখা চান আখতার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সন্ত্রাস ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী যেকোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্ল্যাটফর্মের সঙ্গে একযোগে কাজ করতে চায় দলটি। তবে প্রস্তাবিত ঐক্যের লক্ষ্য, কর্মসূচি ও ভিত্তি কী হবে, তা সরকারের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে শুধু ঐক্যের ঘোষণা যথেষ্ট নয়। জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের অবস্থান এবং গণভোটে জনগণের দেওয়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে।

আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, এনসিপি সেটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছে। তবে এই ঐক্যের ভিত্তি কী হবে, জুলাইয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের অগ্রগতি কোথায় এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের বিষয়ে সরকারের অবস্থান কী—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে সংস্কারের পক্ষে মত দিয়েছে, সেগুলো বাস্তবায়নের অগ্রগতি এবং ঐক্যের ধারাবাহিকতা নিয়েও সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা দরকার।

আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে এনসিপির অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী যেকোনো রাজনৈতিক দল, পক্ষ, প্ল্যাটফর্ম বা ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিপনার বিরুদ্ধে এনসিপির ঐক্য রয়েছে। এই ঐক্যকে রাজপথে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হলে সরকারের কাছে থাকা প্রশ্নগুলোর জবাব দিতে হবে।

আখতার হোসেন জানান, ১১ দলের কর্মসূচিতে এনসিপির অংশগ্রহণ থাকবে। পাশাপাশি দলীয় স্বাতন্ত্র্য ও নিজস্ব অবস্থান বজায় রেখে আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এ ক্ষেত্রে রাজনৈতিক আলোচনার পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকার কথা জানান তিনি।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির সদস্য সচিব। তাঁর অভিযোগ, গোয়েন্দা সংস্থার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতার কারণেও বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধেও সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ ও সামর্থ্য সরকারের রয়েছে। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। এ ক্ষেত্রে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ রাজপথে ভূমিকা রাখবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাস দমন সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকারকে এ দায়িত্ব পুরোপুরি পালন করতে হবে।

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। আখতার হোসেনের ভাষ্য, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে কিংবা সংশ্লিষ্টদের আশ্রয় দেওয়া হচ্ছে, সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে হবে।

আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠনের পরিবর্তে সন্ত্রাসী ও ফ্যাসিবাদী শক্তি হিসেবে অভিহিত করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছে এনসিপি। সংসদেও এ দাবি তোলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কার্যক্রম দৃশ্যমান হয়নি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যক্তিগত পর্যায়ে বিচারপ্রক্রিয়া চললেও তা ধীরগতিতে এগোচ্ছে। অথচ দলটির সাংগঠনিক কর্মকাণ্ড ও ভূমিকারও বিচার হওয়া প্রয়োজন।

আখতার হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার কথা জানিয়েছিলেন। তবে এখনো তার বাস্তব অগ্রগতি দেখা যায়নি। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং সাংগঠনিকভাবে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের দলীয় বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শুধু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখাই নয়, সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান তিনি।

সর্বশেষ