আইসিজের রায় মানতে হবে মিয়ানমারকে, প্রয়োজনে নিরাপত্তা পরিষদে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য। এ রায় মানা দেশটির জন্য কোনো ঐচ্ছিক বিষয় নয়। প্রয়োজনে রায় বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

- Advertisement -

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের পরদিন আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শিবির থেকে কয়েক হাজার রোহিঙ্গা অংশ নেন। এ সময় তাঁদের হাতে গণহত্যার বিচার, নাগরিকত্বের স্বীকৃতি এবং নিরাপদ প্রত্যাবাসনের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও নির্যাতন ছিল গণহত্যা। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে এসব অপরাধের বিষয়টি উঠে এসেছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রামের পর গ্রাম ধ্বংসের প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হওয়ার তথ্যও রায়ে উঠে এসেছে।

তিনি বলেন, আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। দীর্ঘদিন ধরে নির্যাতন, বাস্তুচ্যুতি ও অধিকারহীনতার শিকার জনগোষ্ঠীটির জন্য এটি ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিচারিক রায়ে নিহতদের ফিরিয়ে আনা কিংবা ক্ষতিগ্রস্তদের সব ক্ষত দূর করা সম্ভব নয়। তবে অপরাধের সত্য প্রতিষ্ঠা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার মধ্য দিয়েই ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়।

মিয়ানমারের প্রতি গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ড. খলিলুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এটি বাস্তবায়ন করা মিয়ানমারের দায়িত্ব।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ সংকট শুধু বাংলাদেশের একার নয়, এটি বৈশ্বিক সমস্যা। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান। তবে তাঁদের ফেরার পরিবেশ অবশ্যই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ হতে হবে। মিয়ানমারে নাগরিকত্ব, নিরাপত্তা, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের নিশ্চয়তা ছাড়া তাঁদের ফেরত পাঠানো যাবে না। কোনোভাবেই তাঁদের আবারও ঝুঁকির মধ্যে ফেলা উচিত হবে না।

তিনি আরও বলেন, নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা কঠিন। এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তার অর্থায়ন বাড়াতে হবে।

রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের দাবি ও প্রত্যাশা তিনি নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে তুলে ধরবেন। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের অভিজ্ঞতা এবং তাঁদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন। তাঁর ভাষায়, দ্য হেগে ন্যায়বিচারের যাত্রা শুরু হয়েছে। এখন সেই ন্যায়বিচার কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রাখাইনে রোহিঙ্গাদের নিজ গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে।

সমাবেশে রোহিঙ্গা নেতারাও আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানান এবং দ্রুত নিজ দেশে ফেরার পরিবেশ তৈরির দাবি জানান।

রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় আরও প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির পর আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচারের স্বীকৃতি পাওয়ায় তাঁরা আশাবাদী। তিনি বলেন, তাঁরা অন্য কোনো দেশের মানুষ নন; দীর্ঘদিন ধরে মিয়ানমারে বসবাস করে আসছেন। মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজেদের দেশে ফিরে যেতে চান।

মিয়ানমারের বসিডঙের লম্বাবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলিম বলেন, নির্যাতনের মুখে বাড়িঘর, আত্মীয়স্বজন ও সহায়-সম্পদ ছেড়ে তাঁদের বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে। আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নাগরিকত্বসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করে তাঁরা নিজ দেশে ফিরতে চান।

আরেক রোহিঙ্গা নেতা খিং মং বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের বিষয়টি বিশ্ববাসীর সামনে আরও স্পষ্ট হয়েছে। তিনি আশা করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান তাঁর দায়িত্ব ও অবস্থান কাজে লাগিয়ে রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখবেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সকালে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সমাবেশে অংশ নেওয়ার পর দুপুরে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছেন। তাঁদের অধিকাংশই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান, জাতিগত নিপীড়ন ও সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসেন। এরপর থেকে নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে আসছেন তাঁরা।

সর্বশেষ