গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে চার বাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী চার বাহিনীর প্রধান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে চার বাহিনীর প্রধানেরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করতে পারেন। এ ছাড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বর্তমানে চার বাহিনীর প্রধান গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করছেন। সেখানে গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলার পুলিশ সুপাররাও উপস্থিত রয়েছেন। সার্কিট হাউজে জেলার সাম্প্রতিক পরিস্থিতি, সহিংসতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হতে পারে।

সফরসংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় পুড়িয়ে দেওয়া থানা এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে পারেন তাঁরা।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় জেলার দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর প্রধানদের একসঙ্গে গোপালগঞ্জ সফরকে জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ