তারেক রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে ৬২ হাজার নিমগাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

- Advertisement -

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং পরে শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

আয়োজকরা জানান, দুই উপজেলার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে প্রাথমিকভাবে একটি করে নিমগাছের চারা ও পানির মগ তুলে দেওয়া হয়েছে। বাকি ৫৭ হাজার চারা ও মগ আগামী রোববারের মধ্যে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। বৃক্ষরোপণে শিক্ষার্থীদের আগ্রহী করা এবং বিশুদ্ধ পানি পানের অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতামূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চারা রোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, সহিংসতা ও নাশকতার মাধ্যমে সরকারকে দুর্বল করা যাবে না। সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গোপালগঞ্জের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে মীর শাহে আলম বলেন, থানা, সংসদ সদস্যের বাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এমনকি ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সুযোগ করে দিতে দেশের প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এ সময় মোকামতলা ও আশপাশের এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও ঘোষণা দেন, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। ওই দিন মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করার কথা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ