ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।

- Advertisement -

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে ডিএমপির আটটি অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অংশ নেন।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৫০ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৪৮ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করে। এ ছাড়া একটি অটোরিকশা এবং ১১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ অন্যান্য অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ