আন্তর্জাতিক ডেস্ক: নতুন ভৌগোলিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের। এ ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা উৎক্ষেপণস্থল নিয়ে তেহরানের কোনো সীমাবদ্ধতা নেই বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাওয়া মাত্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো ও সক্ষমতা নিশ্চিত করেছে ইরান। কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া গেলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় প্রতিপক্ষকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে বলেও মন্তব্য করেন এই সামরিক কর্মকর্তা। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে শত্রু দেশগুলোকে থাডের (টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স) মতো অত্যন্ত ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি ও মোতায়েন করতে হচ্ছে।
ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে বেলালি বলেন, সেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাব কিংবা বেপরোয়া পদক্ষেপের জবাব দেওয়ার অপেক্ষায় আছেন।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড চালানো হলে প্রতিপক্ষ যেখানেই অবস্থান করুক, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
এদিকে ইরানের শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে আঞ্চলিক পরিস্থিতিতে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বেলালি। তাঁর ভাষ্য, সামরিক আলোচনা, অস্ত্র ও সরঞ্জাম স্থানান্তর, গোলাবারুদ পরিবহন এবং বিভিন্ন ধরনের সামরিক হুমকিকে সামনে রেখে প্রতিপক্ষ সন্দেহ ও অনিশ্চয়তা ছড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার পরিণতি সম্পর্কেও আঞ্চলিক দেশগুলো এখন ধারণা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা

