ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা হলে সামরিক জবাব দেবে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল রপ্তানি শুরু করাকে এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখছে ইরান। এ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বাধা দিলে কিংবা ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালালে সামরিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানভিত্তিক গবেষক আলী আকবর দারেইনি।

- Advertisement -

আলজাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি পুনরায় চালু করতে চায় ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি ট্যাংকারে হামলা বা হয়রানি করা হলে তার জবাব সামরিকভাবেই দেওয়া হবে। কারণ, নৌ অবরোধকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে মনে করে তেহরান।

দারেইনির মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেওয়াই এখন ইরানের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে দেশটি সামরিক ও বেসামরিক উভয় ধরনের কৌশল গ্রহণ করতে পারে। প্রয়োজনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল স্থাপনায় হামলার বিষয়টিও ইরানের বিবেচনায় থাকতে পারে।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি। দারেইনির দাবি, হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটি। এ ধরনের কার্যক্রম চলতে থাকলে সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

তবে ইউএইর বিরুদ্ধে আনা এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত অবস্থান নিয়েও মন্তব্য করেন এই গবেষক। তার মতে, সামরিক সীমাবদ্ধতার পাশাপাশি সংঘাতের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ট্রাম্প এখনো নতুন করে যুদ্ধে জড়াননি।

দারেইনি বলেন, ট্রাম্প যদি আবারও যুদ্ধে ফিরে আসেন, তাহলে তাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। অন্যদিকে যুদ্ধে ফিরে না এলেও সংঘাতের কারণে তার ওপর চাপ ও মূল্য ক্রমাগত বাড়তে থাকবে।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ