ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো। এ লক্ষ্যে ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক সরঞ্জাম সরিয়ে নতুন অবস্থান তৈরি এবং অতিরিক্ত যোদ্ধা মোতায়েন করেছে কাতাইব হিজবুল্লাহ।
ইরাকি সংবাদমাধ্যম আল-মাদা নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম ইরাকে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে তৎপরতা শুরু করেছে গোষ্ঠীটি। সেখানে নতুন সামরিক অবস্থান তৈরির পাশাপাশি অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম স্থানান্তর করা হয়েছে। ওই এলাকায় ইরানি ও হুতি উপদেষ্টারাও অবস্থান করছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
কাতাইব হিজবুল্লাহ ইরাকের অন্যতম প্রভাবশালী ইরানপন্থি সশস্ত্র সংগঠন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর বিভিন্ন হামলার দায় স্বীকার করে আসছে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো।
এদিকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে কী ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে পরিকল্পনা ও প্রস্তুতি চালিয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইরাকের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাক সফর করেছেন। তেহরান ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান উত্তেজনা কমানোর উপায় খুঁজতেই তার এই সফর বলে জানান ওই কর্মকর্তা।
বিশ্লেষকদের মতে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক তৎপরতা বৃদ্ধি এবং ইরানি কমান্ডারের ইরাক সফর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আলজাজিরা,

