দেশের পরিকল্পিত নগরায়ণ, টেকসই মানব বসতি গঠন এবং আবাসন খাতের উন্নয়নে জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা আরও জোরদার করতে চায় সরকার। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় দেশের নগর উন্নয়নের অগ্রাধিকার, আবাসন খাতের বিদ্যমান পরিস্থিতি, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা এবং পরিকল্পিত নগরায়ণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, দেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকারগুলো বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, নগর উন্নয়ন ও আবাসন খাতের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা হবে।
মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের পক্ষে সংস্থাটির সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার জশুয়া মুলান্দি মাভিতি অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের ভূমিকা আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

