ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরে আবারও উত্তেজনা ছড়িয়েছে পোশাক শ্রমিকদের মধ্যে। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল পোশাক শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য উত্তেজনা এড়াতে গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।

