নিজস্ব প্রতিবেদক: বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিলেন তরুণ মাহিদুল ইসলাম। ম্যাচ জিতে উল্লাসের এক পর্যায়ে লাফিয়ে গোলপোস্টে থাকা লোহার বারটিতে ঝুলে থাকার চেষ্টা করেন তিনি। এ সময় লোহার বারটি খুলে গেলে তিনি মাটিতে পড়ে যান। গোলবারটি পড়ে তাঁর বুকের ওপর। আহত অবস্থায় মাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে। সকাল আটটার দিকে আহত হওয়ার পর মাহিদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর দুলাভাই মো. রবিউল ও খালাতো ভাই মোহাম্মদ মনির। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মাহিদুল পটুয়াখালী জেলার বাউফল থানার কোনোপদিয়া রাসেল গাজীর বাড়ির রাসেল গাজীর ছেলে।
মাহিদুলের খালাতো ভাই মোহাম্মদ মনির বলেন, মাহিদুল চট্টগ্রামে রংমিস্ত্রির কাজ করতেন। সকালে বন্ধুরা মিলে ফুটবল খেলতে গিয়েছিলেন। সেখানে উল্লাস করার লোহার গোলবারটি তাঁর বুকের ওপর পড়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাহিদুলকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।




