মো. মোক্তার হোসেন বাবু:
গেট পাসের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী গাড়ির এক শ্রমিককে মারধরের ঘটনায় ঘোষিত কর্মবিরতি স্থগিত করেছেন পরিবহন শ্রমিকেরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে কর্মবিরতি স্থগিত করা হয়।
প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বন্দর পরিচালকের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে গেট পাসের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং পরিবহন শ্রমিকদের হয়রানির বিষয়টি তুলে ধরা হয়।
তিনি বলেন, গেট পাসের জন্য নির্ধারিত ৫৭ টাকা ৫০ পয়সার পরিবর্তে কোথাও ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। বিষয়টি আগে অবহিত ছিলেন না বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা। তবে ভবিষ্যতে অতিরিক্ত টাকা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেটে শ্রমিক নেতা মোকতার হোসেনের কাছ থেকে গেট পাসের ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হয়। এর প্রতিবাদ করলে বন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন শ্রমিকেরা।
ঘটনার পর ক্ষুব্ধ পরিবহন শ্রমিকেরা কর্মবিরতির ঘোষণা দেন। এতে বন্দরের কনটেইনার পরিবহনে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়। পরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মবিরতি স্থগিত করা হয়।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, গেট পাস ইস্যুকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে কিছুটা বাগ্বিতণ্ডা হয়েছিল। বিষয়টি নিয়ে বন্দরের নিরাপত্তা বিভাগের সঙ্গে আলোচনা করা হয়েছে। এরপর পরিবহন শ্রমিকেরা তাদের কর্মবিরতি স্থগিত করেছেন।
শ্রমিক নেতারা জানান, গেট পাসের নামে অতিরিক্ত অর্থ আদায় ও পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আবারও আলোচনা করা হবে।




