নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিএনপি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করার অর্থ আওয়ামী লীগের সঙ্গে সংঘাতে জড়ানো বা মারামারি করা নয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। তার ভাষ্য, তৎকালীন সরকারপ্রধান স্বেচ্ছায় সরে যাননি; আন্দোলন ও জনগণের ব্যাপক চাপের মুখেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে গেলেও তাদের রাজনৈতিক চরিত্র ধারণকারী কিছু ব্যক্তি এখনো সক্রিয় রয়েছে। বিভিন্ন সময় তাদের কর্মকাণ্ডের আলামতও দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, জনজীবনে অস্থিরতা সৃষ্টি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। দেশের কোথাও কোথাও ভোররাতে ককটেল বিস্ফোরণ ও বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
গয়েশ্বর বলেন, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী জনগণের পাশে রয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে দলটি সতর্ক রয়েছে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের উল্লেখ করে তিনি বলেন, যারা গোপনে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বহুদলীয় গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের যে লক্ষ্য নিয়ে তিনি রাজনীতি করেছিলেন, সেই লক্ষ্য পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে।




