স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে থাকা লামিনে ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পেন। অন্যদিকে ১০ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দুই ম্যাচেই জয় পেয়েছে গ্রুপ ‘সি’র দুই দল।
সেভিয়ার রামন সানচেজ পিসহুয়ান স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। দূরপাল্লার শটে গোল করে শুরুতেই দলকে স্বস্তি এনে দেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।
২৮ মিনিটে ডিওন দ্রেনা বেলজোর হেডে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পরই হেডে স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পুবিল।
প্রথমার্ধের শেষ দিকে মিকেল ওইয়ারসাবালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে স্পেন।
৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন ইয়ামাল। এরপর ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ পেদ্রির শট ঠেকিয়ে দলকে আরও বিপদ থেকে রক্ষা করেন।
শেষ পর্যন্ত স্পেনের জয় নিশ্চিত হয় ৮৯ মিনিটে। নিকো উইলিয়ামসের গোলে ৪-১ ব্যবধানের জয় পায় স্বাগতিকরা।
দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে রয়েছে স্পেন। ক্রোয়েশিয়ার সংগ্রহ তিন পয়েন্ট।
এদিকে অন্য ম্যাচে প্রাগের ফর্তুনা অ্যারেনায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। তবে ২৩ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়।
এলিয়ট অ্যান্ডারসনের ওপর ফাউলের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর চেক মিডফিল্ডার পাভেল সুলচকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় চেক প্রজাতন্ত্র।
সংখ্যায় এগিয়ে যাওয়ার পর চাপ বাড়ায় ইংল্যান্ড। প্রথমার্ধে হ্যারি কেইনের একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক মাতেই কোভার।
বিরতির দুই মিনিট পরই কাঙ্ক্ষিত গোল পায় ইংল্যান্ড। ৪৭ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় তারা। ৬৯ মিনিটে হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করেন।
দুই গোলে পিছিয়ে পড়েও চেষ্টা চালিয়ে যায় স্বাগতিকরা। তবে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড আদাম হ্লোজেকের প্রচেষ্টা ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। কোনো পয়েন্ট না পাওয়া চেক প্রজাতন্ত্র রয়েছে তলানিতে।




