spot_imgspot_img

গণমাধ্যমের লেখা বন্ধ নয়, সাইবার সুরক্ষাই আইনের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের লেখা বন্ধ বা সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর দাবি, সাইবার জগতের বিভিন্ন ঝুঁকি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়াই এ আইনের প্রধান উদ্দেশ্য।

- Advertisement -

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আইনটি কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়নি। বরং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এর উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের আটক ও তাদের আইনি সুরক্ষার বিষয়টিও উঠে আসে। এ সময় ইয়াসের খান চৌধুরী জানান, আদালতের অনুমতি ছাড়া গণমাধ্যমকর্মীদের আটকের বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করছে সরকার।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বাকস্বাধীনতা ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। গণমাধ্যমকর্মীরা যেন তাদের পেশাগত দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে পারেন, সে বিষয়ে সরকার কাজ করছে।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো সরকার গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে শুধু আইন করলেই তা করতে হয় না। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছিল।

তবে বিএনপি সরকারের ক্ষেত্রে এ ধরনের এজেন্সিনির্ভর গণমাধ্যম নিয়ন্ত্রণের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন ইয়াসের খান চৌধুরী।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ