জঙ্গল সলিমপুরে পুলিশ অ্যাকাডেমি নির্মাণের উদ্যোগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সরকারি জমি উদ্ধার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি বড় ধরনের অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জমিতে একটি পুলিশ অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই এলাকায় ৭২ একর জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত দুটি পৃথক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি দখলমুক্ত করে এলাকাটিকে সন্ত্রাস ও অপরাধমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে বসবাসরত অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি সম্পত্তিতে সুশাসন নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, জঙ্গল সলিমপুরে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির আদলে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৭২ একর জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার

স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি জানান, ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঠেকাতে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া এলাকায় পাহাড়কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের নিরাপত্তা অবকাঠামোও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণের পাশাপাশি সোলার লাইট, সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার বা কন্ট্রোল টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অপরাধ দমনে বাড়বে যৌথ অভিযান

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা, অনলাইন জুয়া, মানব পাচার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ এসআই পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়ার আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্পে সংঘটিত অপরাধের তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনীর ভূমিকা বহাল থাকবে। এসওপি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার বিধানও কার্যকর থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার আশা

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার আশাবাদী।

একদিকে জঙ্গল সলিমপুরে সরকারি জমি উদ্ধার ও নতুন নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা, অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার—দুই ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ