বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতউল্লাহ বুলুর একটি বক্তব্যের সমালোচনা করেছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মাওলানা হারিছুল হক যৌথ বিবৃতিতে বুলুর বক্তব্যকে রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন।
বিবৃতিতে নেতারা দাবি করেন, সম্প্রতি একটি হিন্দু সম্প্রদায়ের সমাবেশে বরকতউল্লাহ বুলু বলেছেন, মুসলমানদের নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। ঐ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঐক্যজোটের নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ভোটের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই।
তাদের দাবি, দেশের রাজনৈতিক ক্ষমতা অর্জনে সব সম্প্রদায়ের মানুষের সমর্থন প্রয়োজন এবং কোনো একটি সম্প্রদায়ের ভোটের ওপর নির্ভর করে সরকার গঠন সম্ভব নয়। একই সঙ্গে তারা বুলুর বক্তব্যের জন্য নিন্দা ও প্রতিবাদ জানান।
ভারতঘনিষ্ঠতার অভিযোগ
যৌথ বিবৃতিতে ঐক্যজোটের নেতারা অভিযোগ করেন, বরকতউল্লাহ বুলুর বক্তব্যের পেছনে ভারতকে সন্তুষ্ট করার রাজনৈতিক প্রবণতা কাজ করতে পারে। তাদের দাবি, এ ধরনের অবস্থান বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি ও তারেক রহমানের নেতৃত্বের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তারা আরও বলেন, দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। তবে কোনো সম্প্রদায়কে রাজনৈতিকভাবে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
দলীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান
বিবৃতিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতারা বরকতউল্লাহ বুলুসহ দলের যেসব নেতার বিরুদ্ধে তারা মুসলমানদের স্বার্থ উপেক্ষা করে অন্য কোনো দেশের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন, তাদের বিষয়ে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তাদের ভাষ্য, দলের অভ্যন্তরে এ ধরনের রাজনৈতিক অবস্থান অব্যাহত থাকলে তা নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব বাড়াতে পারে এবং রাজনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে।
ঐক্যজোটের নেতারা একই সঙ্গে দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক বক্তব্যে দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

