সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট কোনো বাধা নয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, শেখ হাসিনাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। ফলে ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন আসিফ নজরুল।
ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা। পাসপোর্ট চাওয়ার অর্থ, তিনি দেশে ফিরে বিচার মোকাবিলার মতো পরিস্থিতি রয়েছে বলে মনে করছেন। তবে বাস্তবতা হলো, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাই নতুন পাসপোর্ট নিয়ে নয়, বরং দণ্ডিত অপরাধী হিসেবেই তাকে দেশে ফিরতে হবে।
আসিফ নজরুল আরও উল্লেখ করেন, প্রত্যর্পণের আবেদন করা কোনো দণ্ডিত ব্যক্তির দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে পারে।
তার ভাষ্য, পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের জন্য ভারতের কাছে আরও জোরালোভাবে প্রত্যর্পণের দাবি জানানোর সুযোগ তৈরি করেছেন। বাংলাদেশ সরকার এখন বলতে পারবে, দেশে ন্যায়বিচারের পরিবেশ রয়েছে বলেই শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর আগের মতো গ্রহণযোগ্য থাকবে না।
পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, তিনি দেশে ফিরবেন না, বিষয়টি সবাই বুঝতে পারছেন। অথচ তার এমন পদক্ষেপের কারণে দলের সাধারণ নেতাকর্মীদের ঝুঁকি ও বিপদ বাড়ছে।

