সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ ও পাসপোর্টের আবেদন নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আন্দোলনে এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই। শহীদদের রক্তের দাগ দেশের মানুষ এখনো ভুলে যায়নি।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করছেন। পাশাপাশি বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকেও দেশে ফেরার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে আন্দোলনে নিহত ব্যক্তিদের স্বজনেরা তাকে কীভাবে গ্রহণ করবেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, যাদের হত্যা করা হয়েছে, যেসব শিশু ও মানুষকে গুলি করে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তাদের পরিবারের সদস্যরা কি শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবেন? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা কিংবা আহনাফের স্বজনেরা কি তাকে স্বাগত জানাবেন?
বিএনপির এই নেতা আরও বলেন, আবু সাঈদ ও মুগ্ধসহ আন্দোলনে প্রাণ দেওয়া অসংখ্য তরুণ, শিশু, শ্রমিক ও রিকশাচালকের আত্মত্যাগ জাতি ভুলে যায়নি। তাদের রক্তের দাগ মুছে যায়নি।
খালেদা জিয়ার কারাবাসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছিল। তখন প্রতিবাদ করা হলে বলা হতো, আদালত ও আইন নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশের কাছে সহায়তা চাইছেন, সে প্রশ্নও তোলেন তিনি।
শেখ হাসিনার অনুশোচনা প্রসঙ্গে রিজভী বলেন, মানুষ ভুল করলে একসময় ক্ষমা চায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারির ভুলের জন্য পরে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে অনুতাপের কোনো লক্ষণ দেখা যায়নি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা মনে করছেন, প্রতিবেশী দেশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে দেশের ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। কিন্তু এ দেশের মানুষ অন্যায়-অত্যাচার ও শহীদদের আত্মত্যাগ ভুলে যায়নি।
রিজভীর অভিযোগ, শেখ হাসিনা দেশে ফিরে আবারও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। পুলিশ ও র্যাবকে ব্যবহার করে মানুষের ওপর নির্যাতন চালিয়ে ক্ষমতা ও রাজসিংহাসন ফিরে পাওয়ার কল্পনা করছেন তিনি।

