ঢাকা নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচিতে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার পরিকল্পনা করছে সরকার। অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতেই তাদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

- Advertisement -

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাজধানীতে বসবাসরত ৩৯ হাজার সিনিয়র সিটিজেন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারা দীর্ঘদিনের কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

প্রতিমন্ত্রী জানান, রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে ২০টি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এসব কমিটিতে রয়েছেন।

তিনি আরও বলেন, কমিটিগুলো কাজ শুরু করার পর থেকে বেশ কিছু অগ্রগতি পাওয়া গেছে। এরই মধ্যে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এসব পরিদর্শনের মাধ্যমে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে।

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন, এ ধরনের বর্জ্য যথাযথভাবে অপসারণ ও ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে পৃথক একটি উইং গঠনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটিতে এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও তা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তার ভাষ্য, সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা যদি যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম অনুসরণ না করেন, তাহলে তাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে।

ঢাকাকে উন্নত দেশের কোনো নির্দিষ্ট শহরের আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি না দিয়ে একটি পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী তৈরির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারগুলোর মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানানোর কথা তারা বলতে চান না। বরং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে রাজধানীকে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে চায় বর্তমান সরকার।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর পরিচ্ছন্নতা, সবুজায়ন, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ